বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৫:৪৫

বিএনপি কর্মী মকবুল হত্যা: সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের চার দিনের রিমান্ডে

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত|

আজ বুধবার (৮ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ| এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা| 

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন|

গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)| গত ৫ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ  এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন|

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি| 

এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপি’র নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়| কার্যালয়ে ভাঙচুর চালায়| 

এ সময় তারা কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতা-কর্মীর ওপর হামলা চালায়| 

এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান| 

এ ঘটনায় পল্টন থানায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন|