বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ১৪:১৭

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল জয়ী

ছবি : বাসস

কুমিল্লা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস): কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জামায়াত সমর্থিত প্যানেলের  জামায়াতের প্রার্থী সভাপতি পদে সহিদ উল্লাহ (জামায়াত) এবং সাধারণ সম্পাদক পদে মাহাবুবুল হক খন্দকারের (বিএনপি) প্যানেল ১৫টির মধ্যে ১৩টি পদে বিজয়ী হয়েছে।

গতকাল বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির -২০২৬-২০২৭ সালের নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

এবার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩টি প্যানেল। প্যানেলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ‘সহিদ উল্লাহ (জামায়াত) এবং মাহাবুবুল হক খন্দকার (বিএনপি)’ প্যানেল, কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী এবং তৌফিক আহমেদ চৌধুরী আকাশ’ প্যানেল এবং নিরপেক্ষ নামে আওয়ামী লীগের ‘ফারুক এবং জামান’ পরিষদ।

বিএনপিরও জামায়াতের প্যানেলের অন্যান্য পদের বিজয়ীরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার (জামায়াত), ট্রেজারার অ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা (বিএনপি), লাইব্রেরি সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি) ও রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুর রহমান সায়েম (বিএনপি)।

উল্লেখ্য, বিএনপি ও জামায়াত প্যানেলের মধ্যে বিএনপি আটটিতে এবং জামায়াত পাঁচটিতে জয়লাভ করে ।

কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী এবং তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)’ প্যানেলের কেউ জয়ী হতে পারেনি ।

এছাড়া নিরপেক্ষর ব্যানারে  আওয়ামী লীগের প্যানেলের শুধুমাত্র সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম দ’ুটি পদে জয় লাভ করে।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিএনপি ও জামায়াতের প্যানেলের আবুল হাসনাত হিমেল (বিএনপি), অ্যাডভোকেট বেলাল হোসেন (জামায়াত), অ্যাডভোকেট ইসমাইল হোসেন (বিএনপি), অ্যাডভোকেট লোকমান হোসেন (জামায়াত) ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম (বিএনপি) জয় লাভ করেন ।

জানা গেছে, এবার বিএনপি ও আওয়ামী লীগের দেয়া প্যানেলের ভরাডুবি হয়েছে । এছাড়া বিএনপির ও জামায়াত মিলে যে প্যানেলটি দেয়া হয়েছে সেই প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে।

এবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২৮৭ জন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছিল ১২৫৩ ভোট। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন হয়। বৃহস্পতিবার সারা রাতব্যাপী চলে ভোট গণনা । শুক্রবার সকাল ১১টায় ফলাফল প্রকাশ করা হয়।