বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৩:২৩

স্ত্রীসহ আইডিআরএ চেয়ারম্যান মোশারফের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন ও তার স্ত্রী জান্নাতুল মাওয়ার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, ড. এম মোশারফ হোসেন ও তার স্ত্রী জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী আসামিদের শুরু থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত দাখিল করা আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ অবস্থায়, তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দে আদালতের আদেশ প্রয়োজন হওয়ায় দুদক এ আবেদন করে।