বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৪:৫১

খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

ছবি: বাসস

খুলনা, ৩০ মার্চ ২০২৬ (বাসস) : জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদে এ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল  রোববার (২৯ মার্চ) দিনব্যাপী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ এবং সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিউর রহমান নান্নু বিজয়ী হয়েছেন। এছাড়া সহ সভাপতি পদে মহসিন চৌধুরী ও মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরকার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুন নাহার নাজমুন নেছা জেবা নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের সাত সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ণ কুমার মণ্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, শাজাহান ঠাকুর এবং শাকিরা ফেরদৌস রিমি।

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় খুলনার আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, ফলাফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পরে তারা আনন্দ মিছিল করেন।