শিরোনাম

ঢাকা, ৬ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এ বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) মাধ্যমে ১ লাখ ৯৫ হাজার ৪৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।
২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ সময়ে মোট ২ লাখ ১৮ হাজার ৮৬৩টি মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য উদ্যোগ (প্রি ও পোস্ট-কেইস) নেওয়া হয়েছে।
এডিআর এর মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৩ লাখ ৮১ হাজার ৯৯৮ জন।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।