বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৩:০৩

সরকারি খরচে ৫ লাখ ৫৫ হাজার ৯০৮ জনকে আইনি পরামর্শ সেবা

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচে ৫ লাখ ৫৫ হাজার ৯০৮ জন আইনি পরামর্শ সেবা পেয়েছেন।

লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অসচ্ছল বিচারপ্রার্থীদের লিগ্যাল এইড-এর মাধ্যমে এই সেবা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এসময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ১০ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিস থেকে ৩ লাখ ৭ হাজার ৯ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক লিগ্যাল এইড সেল থেকে ২২ হাজার ৮৩ জন সরকারি খরচে আইনি পরামর্শ সেবা পেয়েছেন। 

এছাড়া জাতীয় হেল্পলাইন কলসেন্টার ‘১৬৬৯৯’ (টোল ফ্রি)-তে কল করে ১ লাখ ৯৯ হাজার ৮০৬ জন আইনি পরামর্শ নিয়েছেন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে।