বাসস
  ১১ মার্চ ২০২৬, ১৫:৩৫

এসবি পুলিশের ইন্সপেক্টর আব্দুর রবের আয়কর নথি জব্দ

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : এসবি পুলিশের ইন্সপেক্টর আব্দুর রবের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানাধীন নথির অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আব্দুর রবের সর্বশেষ দাখিলকৃত রিটার্ন পর্যন্ত সমুদয় রিটার্ন এবং তৎসংশ্লিষ্ট সমুদয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা প্রয়োজন।

এমতাবস্থায়, অভিযোগ সংশ্লিষ্ট আব্দুর রবের নামীয় মূল আয়কর নথির শুরু হতে সর্বশেষ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি দুর্নীতি দমন কমিশন কর্তৃক জব্দকরণ এবং জব্দ পূর্বক সত্যায়িত অনুলিপি সরবরাহ প্রাপ্তির নিমিত্ত কর কমিশনানের প্রতি আদেশ দানে সদয় মর্জি হয়।