শিরোনাম

ঢাকা, ৯ মার্চ ২০২৬ (বাসস): উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে সহকারী হিসাবরক্ষক কুতুব উদ্দিনকে চাপাতি দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় মো. শাকিল (২০) নামে একজনের দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আজ সোমবার এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি শাকিলকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়হান হোসেন (২২) ও মো. সজীব ইসলামকে (২৩) খালাস প্রদান করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী মো. কুতুব উদ্দিন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত। ২০২২ সালের ৫ জুলাই অফিস থেকে বাসায় ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১২ এর ১৯ নম্বর সড়কের ১২/১৩ নম্বর মোড়ে পৌঁছালে তিন আসামি তার পথরোধ করে।
এক পর্যায়ে আসামি শাকিল হাতে থাকা ধারালো চাপাতি বের করে তাকে জিম্মি করে। পরে তার কাছে থাকা একটি এমআই ব্র্যান্ডের মোবাইল ফোন (মূল্য প্রায় ১৩ হাজার ৫০০ টাকা) ও মানিব্যাগে থাকা নগদ পাঁচ হাজার দুইশ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৬ জুলাই উত্তরা পশ্চিম থানার একটি মামলা করেন কুতুব উদ্দিন। এরপর মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।