বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৬:১২

মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ

কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস) : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় খালাস পেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। আজ সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন। আসিফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করে আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আসিফকে গ্রেফতার করা হয়। ওই সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।
লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযেগে ২০১৮ সালের ২৩ জুলাই আসিফের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার। 

২০১৯ সালের ১৩ নভেম্বর আসিফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল হোসেন। ২০২৪ সালের ২৫ নভেম্বর আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।