শিরোনাম

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়মের চলমান অনুসন্ধানের সঙ্গে সাবেক মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের নাম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ রয়েছে।
আজ দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক জানায়, ড. আহমেদ কায়কাউস সাবেক মুখ্য সচিবের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অভিযোগটি বর্তমানে ‘আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ’-এর বিষয়ে চলমান অনুসন্ধানের সঙ্গে সংযুক্ত করে অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে।
দুদক জানায়, আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে।