বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৪:৪৮

সাংবাদিক নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের ২২ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম ও তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ২২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদন সূত্রে জানা যায়, নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাবেক সম্পাদক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগটি অনুসন্ধানের জন্য একটি টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং তাদের সন্তানের নামীয় মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। 

তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তাদের নামীয় এবং মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।