শিরোনাম

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩০ হাজার ৩১৬ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত মোট ৩০ হাজার ৩১৬ জন এ অফিসের মাধ্যমে আইনি সেবা পেয়েছেন।
এর মধ্যে ২৬ হাজার ৯৪৬টি আইনি পরামর্শ সেবা এবং ৩ হাজার ৩৭০টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। এসব মামলার মধ্যে ২ হাজার ৩০৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।