শিরোনাম

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে এখন পর্যন্ত ২৯ হাজার ৯৭৯ জন শ্রমিককে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এই আইনি সেবা কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঢাকা ও চট্টগ্রামে ‘শ্রমিক আইনগত সহায়তা সেল’ চালু করা হয়। এই সেলের মাধ্যমে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ২৯ হাজার ৯৭৯ জন শ্রমিককে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ২২ হাজার ৫৬ জনকে সরাসরি আইনি পরামর্শ সেবা দেওয়া হয়।
পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ৪ হাজার ৬১৪টি মামলায় আইনি সহায়তার উদ্যোগ নেওয়া হয়, যার মধ্যে ৮২০টি মামলারই নিষ্পত্তি হয়েছে।
আদালতের বাইরে বিরোধ মীমাংসা বা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৩ হাজার ৩০৯টি মামলায় এডিআর উদ্যোগ নেওয়া হয়েছিল, যার মধ্যে ১ হাজার ৯২০টি মামলা সফলভাবে নিষ্পত্তি হয়েছে।
দেশের আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এই সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে।