শিরোনাম

ঢাকা, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২ হাজার ২৭৩টি ফৌজদারি ও ১ হাজার ৭৭৮টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
এসব মামলায় গ্রেফতার ৩ হাজার ৭০৬ জনের মধ্যে ২ হাজার ১১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, গত ফেব্রুয়ারি মাসে ডিএমপির মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ৩ হাজার ৭০৬ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২ হাজার ২৭৩ টি মামলা নিষ্পত্তি করেন। তাদেরকে ২ লাখ ৩২ হাজার ৯৫০ টাকা জরিমানা ও ২ হাজার ১১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে ডিএমপির গত ফেব্রুয়ারি মাসে ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ১ হাজার ৮৩৩টি মামলা করে।
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বর্তমান মাসে ৩৫৯ সহ সর্বমোট ১ হাজার ৭৭৮ টি মামলা নিষ্পত্তি করে ও ৬ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সেসব অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।