শিরোনাম

নওগাঁ, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা।
নির্বাচনে সভাপতি পদে এম এইচ এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে আবু বেলাল হোসেন জুয়েল নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা।
নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া হোসেন পেয়েছেন ১২৭ ভোট। সহ-সভাপতি দু’টি পদের একটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আসাদুজ্জামান আল আজাদ। অন্যটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন।
সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন জুয়েল ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শওকত ইলিয়াস কবির পেয়েছেন ১৭০ ভোট। সহ-সাধারণ সম্পাদকের তিনটি পদের সবক’টিতেই জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। তারা হলেন, সাঈদ হোসেন আল মুরাদ, জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম।
আটটি সদস্য পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তারা হলেন নুসরাত-ই আলম কেয়া, মো. তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ রাজা, নাজমুল হুদা ও আলতাফ হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সদস্য পদে জয় পেয়েছেন আনোয়ার হোসেন (রানা)।
২০২৬ সালের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেলের ১৫ জন প্রার্থীর মধ্যে জয় পেয়েছেন ১২ জন। জামায়াত সমর্থিত আইনজীবীরা ১৫টি পদের মধ্যে আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের মধ্যে কেউ জিততে পারেননি। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনটি পদে স্বতন্ত্র হিসেবে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করে তিনজনই জয় পেয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কোনো প্যানেল এবার ছিল না।