শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)’র মাধ্যমে অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ৩৩২ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৮১৯ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০০৯ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে দেওয়া আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে তুলে ধরা হয়।
শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য আইনি সেবা প্রদান করা হয়। পরে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের বিভিন্ন কারাগারে এ সেবা চালু করা হয়।
প্রতিবেদনে বলা হয়, অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে প্রি ও পোস্ট-কেসে ৩৩২ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৮১৯ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩২৫ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার ৯০৩ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল-এর মাধ্যমে ৬ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৯১৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
২০০৯ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জন উপকারভোগী আইনি সহায়তা পেয়েছেন।
এই সেবা দেশের ৬৪টি জেলার লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল ফ্রি-১৬৬৯৯) থেকে প্রদান করা হয়।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।