বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৪:৩১

মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন চাইলেন চিফ প্রসিকিউটর

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস): চব্বিশের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি পেশ করেছে প্রসিকিউশন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ (সোমবার) বিষয়টি নিয়ে শুনানি করেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী তাদের অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চান। পরে ট্রাইব্যুনাল আগামী ১১ মার্চ সেই শুনানির দিন ধার্য করেন।

এর আগে, চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।