বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৭

ঢাবির সাবেক অধ্যাপক শফিক আহমেদের আয়কর নথি জব্দের আদেশ

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদন সূত্রে জানা যায়, ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং তার আয়-ব্যয়ের সঠিকতা যাচাইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া তার মালিকানাধীন আর কোনো গোপন সম্পদ রয়েছে কি না, তা পরীক্ষা করতে ২০০৮-০৯ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সময়ের আয়কর নথি (টিআইএন অনুযায়ী) পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করছে তদন্তকারী সংস্থা।