বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০২

বেকারদের কর্মসংস্থানে টেকসই উদ্যোগ নেবেন কুমিল্লা ৬ আসনের বাসদ প্রার্থী কামরুন্নাহার 

কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মনোনীত প্রার্থী কামরুন্নাহার সাথী। ছবি: বাসস

কুমিল্লা, ৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মনোনীত প্রার্থী কামরুন্নাহার সাথী সর্বাগ্রে বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বাসসের সাথে এক একান্ত সাক্ষাৎকারে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা সবচেয়ে জরুরি। আর এই মৌলিক চাহিদা পূরণ করার পূর্ব শর্ত বেকারদের কর্মসংস্থান করা। তাই সবার আগে বেকারদের টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই। 

জাতীয় নির্বাচনে কুমিল্লা ৬ আসনে বাসদ মনোনীত প্রার্থী কামরুন্নাহার সাথী মই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ আসনের কনিষ্ঠতম প্রার্থী সাথী বর্তমানে বাসদের কুমিল্লা জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য। হলফনামায় তিনি নিজের পেশা শিক্ষার্থী হিসেবে উল্লেখ করেছেন। তিনি আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। জীবনে প্রথমবারের মতো তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। কুমিল্লা জেলার বুড়িচং থানার পূণ্যমতি এলাকার উত্তরপাড়ার বাসিন্দা মোহন মিয়া ও হোসনেয়ারা দম্পতির কন্যা সাথী ২০০০ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। 

তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন বাসসের কুমিল্লা (দক্ষিণ) জেলা সংবাদদাতা দেলোয়ার হোসাইন আকাইদ।  

বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনি প্রতিশ্রুতি কি? 

কামরুন্নাহার সাথী: একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব দেশের জন্য আইন প্রণয়ন করা। জনগণের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের জন্য অবিরাম কাজ করা। পাশাপাশি বেকারদের জন্য যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করা। নির্বাচিত হলে আমি সবার আগে বেকারত্ব দূর করতে কাজ করবো। 

এছাড়াও রাষ্ট্রীয় বরাদ্দকৃত অর্থ যাতে সর্বোচ্চ জনগণের কল্যাণে ব্যবহার হয়, সে লক্ষ্যে কাজ করবো।  

কনিষ্ঠ প্রার্থী এবং তরুণ হিসেবে আমার নতুন ধারণা ও উদ্যম দেশের উন্নয়নে কাজে লাগবে বলে বিশ্বাস করি। 

প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমি জনগণের পাশে দাঁড়াতে চাই এবং তাদের বিশ্বাস অর্জন করতে চাই।

বাসস: নির্বাচনি আচরণ বিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কি? 

কামরুন্নাহার সাথী: আমরা নির্বাচনি আচরণবিধি পুরোপুরি মেনে চলছি। আমাদের কর্মী ও সমর্থকদেরও নির্বাচনি বিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছি।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কি ?

কামরুন্নাহার সাথী: এ বিষয়ে আমার দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত।  

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি ? 

কামরুন্নাহার সাথী: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমি হতাশায় ভুগছি। অবৈধ অস্ত্র উদ্ধার এখনো হয়নি। 

কালো টাকার দৌরাত্ম্য চলছে। প্রতিনিয়ত ধর্মকে ব্যবহার করা হচ্ছে। নারী বিদ্বেষী বয়ান চলছে। ভোটারদের নিকট আমার আহ্বান হচ্ছে তারা যেন কালো টাকা, পেশি শক্তি ও ধর্মীয় গোঁড়ামিতে বিভ্রান্ত না হয়ে আদর্শবাদী লোককে নির্বাচিত করে।

আমার প্রত্যাশা নির্বাচন কমিশন এমন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করুক, যাতে প্রত্যেক ভোটার স্বাধীনভাবে নিজেদের ভোট দিতে পারেন।

এই আসনের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র ওবায়দুল কবির মোহন (তারা মার্কা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ হারুনুর রশিদ (হাতপাখা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মো. মনিরুল হক চৌধুরী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজী দ্বীন মোহাম্মদ (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)-এর মো. আমির হোসেন ফরায়েজী (ছড়ি)। 

আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি কর্পোরেশন ও সেনানিবাস এলাকা নিয়ে কুমিল্লা ৬ আসন গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৩১ হাজার ৮৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১৮ হাজার ৩২৫ জন, নারী ভোটার ৩ লাখ ১৩ হাজার ৫৫৪ জন এবং হিজড়া ভোটার ৭ জন।