বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ১২:৩৬

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস): ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শনিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন কলম্বীয় পর্যটক রয়েছেন বলে  জানা গেছে। দেশটির কর্তৃপক্ষ এএফপিকে এ তথ্য জানিয়েছেন ।

হেলিকপ্টারটি ঘন গাছপালায় আচ্ছাদিত পাহাড়ি বনাঞ্চল তিজুকা ন্যাশনাল পার্কে বিধ্বস্ত হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দমকল বাহিনী জানিয়েছে, পাইলটসহ তিন নারী  ‘আগুনে পুড়ে মারা গেছেন’। দুর্গম ও খাড়া পাহাড়ের ঢালে ধ্বংস হওয়া হেলিকপ্টারটির ধোঁয়া ওঠা ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ করেছে তারা।

রিও ডি জেনেইরোতে কলম্বিয়ার কনসাল জেনারেল ডায়ানা পায়েস এএফপিকে জানান, নিহত তিন নারী একই পরিবারের সদস্য ছিলেন। এক কিশোরীর ১৫তম জন্মদিন উদযাপন করতে তারা পরিবারের সদস্যদের সঙ্গে ব্রাজিলের এই শহরে এসেছিলেন। ছয় সদস্যের ওই পরিবারটি দুটি দলে ভাগ হয়ে গিয়েছিল। কারণ, হেলিকপ্টারটিতে একসঙ্গে মাত্র তিনজন যাত্রী নেওয়ার সুযোগ ছিল। 

পায়েস জানান, দুর্ঘটনায় ওই কিশোরীর দাদি, খালা ও এক চাচাতো বোন নিহত হয়েছেন। পরে মেয়েটির বাবাও তাঁর সঙ্গীর সঙ্গে দ্বিতীয় দফায় হেলিকপ্টারে ওঠার কথা ছিল তাঁর।

নিহতদের পরিচয় শনাক্ত করতে ব্রাজিলের কর্তৃপক্ষকে সহায়তা করেছে কলম্বিয়ার কনস্যুলেট। তবে মরদেহগুলোর অবস্থার কারণে শনাক্তকরণের কাজটি কঠিন হয়ে পড়েছে বলে জানানো হয়েছে।

হেলিকপ্টারটি ভিস্তা চিনেসা এলাকার কাছে বিধ্বস্ত হয়। সেখানে চীনা প্যাগোডার আদলে নির্মিত একটি স্থাপনা রয়েছে, যেখান থেকে উঁচু পাহাড়ি অবস্থান থেকে বনাঞ্চলের মাঝখান দিয়ে রিও শহরের নয়নাভিরাম দৃশ্য দেখা যায়।

২০১১ সালের অ্যানিমেশন চলচ্চিত্র ‘রিও’-তেও এই স্থাপনাটি দেখা যায়।

এর আগে জুন মাসে রিওর আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত হয়। নিহতদের মধ্যে ছিলেন মার্কিন গায়ক অলিভার ট্রি এবং আর্জেন্টিনার ইউটিউবার গ্যাসপার প্রিম।

রিও ডি জেনেইরোর বিখ্যাত দর্শনীয় স্থান ও সমুদ্রতীরবর্তী শহরটির প্রাকৃতিক সৌন্দর্য আকাশ থেকে দেখার জন্য পর্যটকদের মধ্যে হেলিকপ্টারে ভ্রমণ বেশ জনপ্রিয়।

রিওর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সিকে অবিলম্বে নজরদারি জোরদার করার অনুরোধ জানিয়েছেন তিনি।