শিরোনাম

ভিক্টোরিয়া, কানাডা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস): কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাতারাতি ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার রাতে প্রবল বাতাসে বাল্ড রেঞ্জ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে সামারল্যান্ড এলাকায় প্রবেশ করে এবং আশপাশের উপত্যকার বিভিন্ন সম্প্রদায়কে প্রভাবিত করে।
ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি শনিবার এক বিবৃতিতে বলেন, আমরা জানি অনেক বাড়িঘর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটাও জানি, পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় কিছু মানুষ আটকা পড়েছেন।
তিনি আরও জানান, আগুনের ঘেরাটোপে আটকে পড়া মানুষদের উদ্ধারে বিমানযোগে সরিয়ে নেওয়া হচ্ছে।
প্রদেশের জরুরি ব্যবস্থাপনা ও জলবায়ু প্রস্তুতি বিষয়ক মন্ত্রী কেলি গ্রিন জরুরি অবস্থা ঘোষণা করেন।
সিটিভি নিউজ জানিয়েছে, ফাউল্ডার সম্প্রদায় থেকে আগুনের অগ্রগতির কারণে ৫০ জনেরও বেশি মানুষকে বিমানযোগে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দমকলকর্মী ও উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা ‘মানুষকে নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করছেন’।
তিনি আরও বলেন, ফেডারেল সরকার ব্রিটিশ কলাম্বিয়া সরকারের পাশে দাঁড়াতে প্রস্তুত। আমি গৃহহারা মানুষদের কথা ভাবছি এবং আশা করছি তারা দ্রুত নিরাপদে ঘরে ফিরতে পারবেন।
আগুন প্রথম শনাক্ত হয় শুক্রবার সন্ধ্যায়। ইবি শনিবার সতর্ক করে বলেন, দাবানল ‘এখনও অত্যন্ত সক্রিয় এবং বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে’।