শিরোনাম

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত এবং আরও ৩৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জনই সেনাসদস্য বলে জানা গেছে। শনিবার দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে মাদাউয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে।এতে আরও ৩৭ জন আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
এর আগে শনিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা এএনপি জানায়, দুর্ঘটনা কবলিত বাসগুলোর একটি সেনাসদস্যদের বহন করছিল। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে।
সাহারা অঞ্চলের বিস্তীর্ণ এই দেশটির সড়কগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন করতে কর্তৃপক্ষের চলমান প্রচারের মধ্যেই সর্বশেষ এই দুর্ঘটনা ঘটল।