শিরোনাম

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : ইতালি থেকে স্পেনে আসা যাত্রীদের শনিবার থেকে সীমান্ত তল্লাশি শুরু করেছে স্পেন। উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় বিপুলসংখ্যক অভিবাসী প্রবেশের পর রোম একই ধরনের পদক্ষেপ নেওয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে এই তল্লাশি শুরু করল মাদ্রিদ।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সদ্য বিমানে করে মাদ্রিদে পৌঁছানো ৩৬ বছর বয়সী ইতালীয় পর্যটক মারিয়া চেলেস্তে গ্রিলো বলেন, ‘ইতালি কিংবা স্পেনÑকোনো সরকারের সিদ্ধান্তেই কূটনীতির তেমন কোনো ছাপ দেখতে পাচ্ছি না।’
তিনি জানান, বিমান থেকে নামার সময় বাড়তি কোনো তল্লাশি তাঁর চোখে পড়েনি। তবে এভাবে সীমান্ত তল্লাশি চালুর বিষয়টিকে তিনি ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন।
শুক্রবার স্পেন জানায়, ইতালি থেকে আসা যাত্রীদের ওপর বাড়তি নিয়ন্ত্রণ কার্যকর করা হবে। এর কারণ হিসেবে দেশটি ইতালির ‘অব্যাহত অনিয়মিত অভিবাসনের চাপের’ কথা উল্লেখ করেছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য এবং ন্যাটোর দুই মিত্র দেশের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে বিরোধ আরও গভীর হয়েছে।
স্পেনের বামপন্থী সরকার অভিযোগ করেছে, সেউতায় অভিবাসীদের ব্যাপক প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে ইতালির কট্টর ডানপন্থী সরকার অন্যায্যভাবে ৩১ জুলাই স্পেন থেকে আসা যাত্রীদের ওপর এক মাসের জন্য সীমান্ত তল্লাশি আরোপ করেছে। এর ফলে ইউরোপের শেনজেন এলাকার ভিসামুক্ত অবাধ চলাচলের ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গত ৩০ ও ৩১ জুলাই মরক্কো থেকে ৭০ হাজারের বেশি অভিবাসী সেউতায় প্রবেশ করে। তবে তাঁদের প্রায় সবাই ৪৮ ঘণ্টার মধ্যে আবার মরক্কোতে ফিরে যায়।
এই বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশে ইউরোপের বিভিন্ন দেশে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে ডানপন্থী সরকারগুলো অনিয়মিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
তবে সেউতার ক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে। ফলে সেখানে প্রবেশ করা অভিবাসীরা আরেক দফা সীমান্ত তল্লাশি ছাড়া মূল ভূখণ্ড ইউরোপে যেতে পারেন না।
ইউরোপীয় ইউনিয়নের অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার শনিবার জানান, তিনি স্পেন ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘দুই পক্ষই নিশ্চিত করেছে যে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ সাময়িক।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রুনার বলেন, ‘অবৈধ অভিবাসন মোকাবিলায় আমরা যে অগ্রগতি অর্জন করেছি এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা যে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদÑআমি তা জোর দিয়ে জানিয়েছি।’
তিনি আরও বলেন, স্পেনের কর্তৃপক্ষ তাঁকে আশ্বস্ত করেছে যে সেউতার সাম্প্রতিক ঘটনা ‘শেনজেন এলাকার ওপর দীর্ঘমেয়াদি কোনো প্রভাব ফেলবে না।’ তিনি বলেন, ‘এ কারণেই ইতালি থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শিগগিরই সীমান্ত নিয়ন্ত্রণ তুলে নেওয়া হতে পারে।’
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতালি থেকে আগত যাত্রীদের ওপর নতুন এই সীমান্ত তল্লাশি আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।