বাসস
  ২৬ মার্চ ২০২৬, ২১:১০

জাবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ছবি: বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হল প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বলেন, স্বাধীনতা দিবস আমাদের জাতীয় পরিচয় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনা থেকেই বাংলাদেশের জন্ম হয়েছে এবং আমাদের সেই চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। অতীতের আন্দোলন ও সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে, সংঘাত নয়, জনগণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক অগ্রগতি চায়।

তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দল উভয়ের সম্মিলিত প্রচেষ্টা, দুর্নীতি পরিহার এবং যোগ্যতা ও নৈতিকতার ভিত্তিতে শাসন নিশ্চিত করার মাধ্যমে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এর আগে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।

উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, সাংবাদিক সমিতি, জাকসু নেতৃবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশন, এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন ও ইউনিয়ন, বিভিন্ন আবাসিক হল ও বিভাগের পক্ষ থেকেও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।