বাসস
  ২৬ মার্চ ২০২৬, ২০:২০

মুম্বাইয়ে বাংলাদেশ মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মুম্বাইয়ে আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ছবি: বাসস

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : ভারতের বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাইয়ে আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসের শুরুতে মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় উপ-হাইকমিশনার তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সকল বীর শহীদ ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ঐতিহাসিক এই দিনটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন তিনি। 

তিনি বলেন, অসীম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকার মর্যাদা রক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখা এবং দেশের অব্যাহত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে সকলকে বৈষম্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

এছাড়া, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের মাগফিরাত ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।