বাসস
  ২৬ মার্চ ২০২৬, ২০:১৭

বেরোবিতে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত। ছবি: বাসস

রংপুর, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বর্ণাঢ্য স্বাধীনতা শোভাযাত্রার উদ্বোধন করেন।

শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে, ক্যাম্পাসের প্রধান সড়কগুলো ঘুরে স্বাধীনতা স্মৃতিসৌধের সামনে এসে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল, ইনস্টিটিউট এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ স্বাধীনতা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

পরে, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউট ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশ নামক নতুন রাষ্ট্র বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে।

তিনি বলেন, ‘এই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই স্বাধীনতার ঘোষণা তাৎক্ষণিকভাবে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনে তাদের অনুপ্রাণিত করেছিল।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক ও অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম।

মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

আলোচনায় আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার (আন্তর্জাতিক সম্পর্ক) কৃষিবিদ খন্দকার গোলাম মোস্তফা, ইনস্টিটিউট অফ রিসার্চ এক্সিলেন্স-এর কর্মকর্তা ড. মো. রোকুনুজ্জামান, সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম, বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শাহেদুল আলম সাগর প্রমুখ।

এর আগে, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদযাপন শুরু করেন উপাচার্য। 

দিবসটি উপলক্ষ্যে আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এবং রংপুরের ভিশনারি ইয়ুথ সোসাইটির উদ্যোগে বেরোবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।