শিরোনাম

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে দূতাবাসের মিলনায়তনে আয়োজিত বিশেষ আলোচনা সভায় দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুগান্তকারী পররাষ্ট্রনীতি ‘সবার আগে বাংলাদেশ’ এবং এর ধারাবাহিকতায় বর্তমান সরকারের গৃহীত বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন।
রাষ্ট্রদূত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার মূল লক্ষ্য— একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।