শিরোনাম

চাঁদপুর, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।
তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে শুরু করে এ দেশের সকল আন্দোলনের মূল লক্ষ্য ছিল মানুষের ন্যায্য অধিকার আদায়। সেই অধিকার প্রতিষ্ঠার জন্যই বারবার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে ডিসি বলেন, তাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নিতে হবে। তিনি বীর মুক্তিযোদ্ধাদের নিজ নিজ জীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করার আহ্বান জানান, যাতে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারে।
তিনি আরও বলেন, সরকারের প্রতিনিধি হিসেবে তিনি জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং সবার সহযোগিতায় চাঁদপুরকে একটি উন্নত ও উদাহরণযোগ্য জেলায় পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সেই লক্ষ্য পূরণে এখনো কাজ বাকি রয়েছে। তিনি বলেন, দুর্নীতি ও বিভাজন দূর করে দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশপ্রেম ও ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এই মূলমন্ত্র ধারণ করতে পারলে দেশ এগিয়ে যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হামিদ মাস্টার, সিরাজুল ইসলাম বরকন্দাজ, চাঁদপুর ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. আব্দুস সামাদ খান, সদস্য সচিব ব্যাংকার মুজিবুর রহমান ও যুগ্ম সদস্য সচিব ড. কাজী হাসেম।
এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব মো. শাহজাহান গাজী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন। পরে আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়।