শিরোনাম

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এয়ারলাইন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বিমান-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের কর্মচারীরা বলাকা প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উদযাপন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিমানের পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত।
এ সময় বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পাশাপাশি বিমান-এর বিভিন্ন ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জাতির শ্রেষ্ঠ অর্জনের প্রতি সম্মান জানিয়ে বিমান পরিবার দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।