শিরোনাম

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একই সময়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহের পরিচালকদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগীয় শহরগুলোতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও শহীদ স্মারকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয় ও আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারা দেশের কলেজসমূহেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।