বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১৮:৩৪

বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

ছবি : বাসস

বরিশাল, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : বরিশালে জেলা পর্যায়ের ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে আজ সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেলা ১১টায় নগরীর শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। 

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়ে যারা শহীদ হয়েছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করি।

মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আমাদের স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড লাভ নয়, এটি ছিল গণতন্ত্র, সাম্য, মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার।

সেই দিন কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা সকলে এক কাতারে দাঁড়িয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতা অর্জন করেন। গোটা জাতি আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের। শ্রদ্ধা জানাচ্ছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সকল বীর বাংলার অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অত্যাচার-নিপীড়নে জর্জরিত বাঙালি জাতির সামনে আলোকময় ভবিষ্যতের দুয়ার খুলে দেওয়ার দিন ২৬ মার্চ। গৌরব ও স্বজন হারানোর বেদনার এই দিনে বীর বাঙালি সশস্ত্র স্বাধীনতাযুদ্ধের সূচনা করেছিল। মাতৃভূমিকে হিংস্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রগতি, কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিতে অর্জন করা হয় স্বাধীনতা। 

আলোচনা শেষে বরিশাল জেলার ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) ও নূরুল আলম ফরিদ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।