শিরোনাম

সিলেট , ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : সিলেটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ উদযাপিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট সিটি কপোরেশনের প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়াও শহীদ মিনারে সিলেট জেলা-মহানগর বিএনপি, জেলা মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন, ৯০ বছরের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট প্রেসক্লাব, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার কর্মীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে সকালে সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
দিবসটি পালনে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- সিলেট এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, জেলার হাসপাতাল, কারাগার, এতিমখানা ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন।
এছাড়া সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে।