শিরোনাম

রাজবাড়ী, ২৬ মার্চ, ২০২৬ (বাসস): বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এদিন ভোরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাসমূহ প্ল্যাকার্ড এবং পতাকা দিয়ে সজ্জিত করা হয়।
ভোর ৫টা ৫৬ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ স্মৃতিস্তম্ভ সমূহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৮টায় রাজবাড়ী স্টেডিয়াম প্রাঙ্গণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দিবসটি উপলক্ষে হাসপাতাল, কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে দেশের শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তার এক বার্তায় বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। তিনি দিবসটির তাৎপর্য যথাযথভাবে উদ্যাপনে সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।