শিরোনাম

ময়মনসিংহ, ২৬ মার্চ, ২০২৬, (বাসস) : যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ময়মনসিংহে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামামন রুকন, জেলা প্রশাসক সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ভুলে গেলে জাতি তার অস্তিত্বকেই ভুলে যাবে। স্বাধীনতার চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজ দেশ এগিয়ে যাচ্ছে এবং জনগণ তাদের সম্ভাবনা বাস্তবায়নের সুযোগ পাচ্ছে।’
পরে সকাল ৮টায় জেলা স্টেডিয়াম মাঠে পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।