বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১৪:২৬

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উদ্‌যাপন

ছবি : বাসস

পটুয়াখালী, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন করা হচ্ছে।

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল সাড়ে ৮টায় পটুয়াখালী স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন।

বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং তাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এছাড়া, দুপুরে জেলার বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দিবসটি উদযাপন করছে পটুয়াখালীবাসী।