বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১৪:১৯
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৪:২৭

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বান্দরবান জেলা স্টেডিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আরা রিনি।ছবি: বাসস

বান্দরবান, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। 

আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের কেন্দ্রীয় স্মৃতিশৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সকাল ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হক, মো. আবু তালেব, এস এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্তসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে মনোমুগ্ধকর শরীরচর্চা ও কুচকাওয়াজ প্রদর্শন করে। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অন্যদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।

দিবসটি ঘিরে পুরো জেলায় ছিল উৎসবমুখর পরিবেশ, পাশাপাশি ছিল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।