বাসস
  ২০ জুলাই ২০২৬, ১৮:৪৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৭২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে চারজন, রংপুর বিভাগে ছয়জন, বরিশালে বিভাগে ৬৭ জন রয়েছেন।

চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯ হাজার ৭৮৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ১ হাজার ৩৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।