শিরোনাম

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস): বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এই স্বাস্থ্য সংকট মোকাবিলায় এখনই কার্যকর কর্মসূচি গ্রহণ এবং টেকসই অর্থায়নের ওপর জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক যুব দিবসকে কেন্দ্র করে আজ মঙ্গলবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘যুব সমাজে উচ্চ রক্তচাপ ঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব মতামত তুলে ধরেন।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহায়তায় এ অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল তরুণদের সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন এবং গিভ বাংলাদেশ। এবারের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিফারেন্ট কনটেক্সট, কমন অ্যাসপিরেশন’।
ওয়েবিনারে জানানো হয়, বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশেরই কারণ উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ, যার মধ্যে ১৯ শতাংশই অকালমৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় বর্তমানে এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ।
এছাড়া ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য বলছে, দেশের ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছেন। আর এ বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আগামীতে মারাত্মক আকার ধারণ করবে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপজনিত অকালমৃত্যু ঠেকাতে তৃণমূল পর্যায়ের সব স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। এর জন্য টেকসই অর্থায়ন জরুরি। সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তুলতে এটিই সবচেয়ে লাভজনক বিনিয়োগ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা বলেন, গবেষণা ভিত্তিক প্রতিকার ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই কেবল উচ্চ রক্তচাপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তবে বর্ধিত এই বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ মোকাবিলায় ব্যয় করার পরামর্শ দেন তিনি।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। এতে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন।