শিরোনাম

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ৭২৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, খুলনা বিভাগে ১০৭ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৭৫ জন ও সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫৬৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ১ হাজার ৪৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি। চলতি বছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৬১ জনের।
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মৃতদের মধ্যে নারী ৩৯ জন বা ৬৩ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ২২ জন বা ৩৬ দশমিক ১ শতাংশ।