বাসস
  ১১ আগস্ট ২০২৬, ২১:৫৪

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।  এ নিয়ে হাম-সংক্রান্ত রোগে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ এবং সন্দেহজনক হাম রোগে ৭৮২ জন শিশু মারা গেছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০৭ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৮৭২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ৩৮৫ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬২ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।

সেই সঙ্গে সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ৩৪২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সিলেটে ১২৫, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ ও রংপুরে ১৩ জন প্রাণ হারিয়েছে।