শিরোনাম

বগুড়া, ৯ জুলাই ২০২৬ (বাসস): জেলায় প্রথমবারের মতো সফলভাবে মেরুদণ্ডের স্লিপ ডিস্ক (পিএলআইডি) সমস্যায় আধুনিক ‘এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি’সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের ঠনঠনিয়া এলাকার প্রভাতি হাসপাতালে এই সার্জারি করা হয়।
চিকিৎসকেরা জানান, সিরাজগঞ্জের বাসিন্দা মো. বেলাল হোসেন (৩২) দীর্ঘদিন ধরে কোমরের পিএলআইডি রোগে ভুগছিলেন। আড়াই ঘণ্টার সফল অপারেশনের মাধ্যমে তিনি এখন সুস্থ আছেন।
অপারেশনে মূল সার্জন হিসেবে ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহারুল ইসলাম এবং নিটরের অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. রায়হান রনি। অবেদনবিদ (অ্যানেসথেসিওলজিস্ট) হিসেবে দায়িত্ব পালন করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসক ডা. মো. গোলাম মোস্তফা রাব্বি। এই তিন চিকিৎসকই শজিমেকের প্রাক্তন শিক্ষার্থী।
চিকিৎসকরা জানান, সাধারণত এই অপারেশনের মেশিনের মূল্য প্রায় এক কোটি টাকা। ঢাকায় এই
সার্জারিতে তিন থেকে চার লাখ টাকা খরচ হয়। এ ছাড়া পুরোনো পদ্ধতিতে কেটে অপারেশন করলে প্রচুর রক্তপাত ও সুস্থ হতে দীর্ঘ সময় লাগে। সেই তুলনায় এন্ডোস্কোপিক পদ্ধতিতে খরচ ও ভোগান্তি দুই-ই কম।
সফল অস্ত্রোপচার শেষে ডা. গোলাম মোস্তফা রাব্বি আনন্দ প্রকাশ করে বলেন, ‘বগুড়ায় আজই প্রথম এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলো এবং অপারেশনটি শতভাগ সফল হয়েছে। ঢাকায় ডা. রায়হান রনি সাধারণত এক ঘণ্টার মধ্যে এটি করতে পারলেও, এখানে প্রথম দিন হওয়ায় আমাদের আড়াই ঘণ্টা সময় নেয়া হয়।’
আপাতত ঢাকা থেকে মেশিন ভাড়া এনে প্রভাতি হাসপাতালে এই অপারেশনটি করা হলেও, বগুড়াবাসীকে নিয়মিত আধুনিক চিকিৎসা সেবা দিতে দ্রুতই এই মেশিন কেনার পরিকল্পনা চলছে বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসকেরা।