শিরোনাম

ঢাকা, ১০ জুন, ২০২৬ (বাসস) : দেশব্যাপী নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বাস্তবায়নাধীন ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের আওতায় নলকূপ স্থাপনের স্থান নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য এবং ইউনিয়ন ওয়াটস্যান (ওয়াটার অ্যান্ড স্যানিটেশন) কমিটিকে সমান গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বাস্তবায়নাধীন ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ শীর্ষক প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থবছরের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নলকূপ স্থাপনের স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়েছে।
এ লক্ষ্যে পূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নলকূপ স্থাপনের স্থান নির্বাচনে ৫০ শতাংশ সুপারিশ স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ ইউনিয়ন ওয়াটস্যান কমিটির মাধ্যমে নির্ধারণ করা হবে।
এ বিষয়ে সম্প্রতি (২৩ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-১ শাখা থেকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, প্রকল্পের আওতায় নলকূপ স্থাপনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের বাস্তব চাহিদা ও জনগণের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এতে জনপ্রতিনিধি ও স্থানীয় পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কমিটির মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং প্রকল্পের সুবিধা অধিকতর কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে।
সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের আওতায় বরাদ্দকৃত নলকূপ স্থাপনের স্থান নির্বাচনের বিষয়টি দেশের সব সংসদ সদস্যকে অবহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা প্রকল্প বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশের গ্রামীণ ও উপকূলীয় অঞ্চলের বহু মানুষ এখনও বিশুদ্ধ ও নিরাপদ পানির পর্যাপ্ত সুবিধা থেকে বঞ্চিত।
ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক, লবণাক্ততা ও অন্যান্য দূষণের কারণে অনেক এলাকায় নিরাপদ পানির সংকট দীর্ঘদিনের সমস্যা।
এসব এলাকার মানুষের জন্য নিরাপদ পানির উৎস নিশ্চিত করতে সরকার বিভিন্ন সময়ে বৃহৎ পরিসরের প্রকল্প গ্রহণ করেছে। ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পও সেই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
নলকূপ স্থাপনের স্থান নির্বাচন প্রক্রিয়ায় স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার এই সিদ্ধান্ত প্রকল্প বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে নতুন নলকূপ স্থাপন, বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপদ পানির সুযোগ সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সংসদ সদস্য ও ইউনিয়ন ওয়াটস্যান কমিটির যৌথ অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।