বাসস
  ০৯ জুন ২০২৬, ১৭:০৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস): দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনজন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।  

এ সময়ে ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬০৭ জন। 

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।