বাসস
  ৩০ মে ২০২৬, ১৮:৫৮

ঈদের ছুটিতে বিএমইউ'র বহির্বিভাগে ৭ শতাধিক রোগীকে সেবা প্রদান

ঢাকা, ৩০ মে, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বহির্বিভাগ নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২ এ গত ২৭ মে এবং ৩০ মে মোট ৭১৯ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ-১ এ ৩৪৮ জন এবং বহির্বিভাগ-২ এ ১৭৩ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এদিন দুই বহির্বিভাগে মোট ৫২১ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এর আগে গত ২৭ মে বুধবারও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয় এবং দুই দিনের মোট রোগী সংখ্যা দাঁড়ায় ৭১৯ জনে।

চিকিৎসাসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করেন বিএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। গত বুধবারের মতো শনিবারও তিনি বহির্বিভাগের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, সহকারী পরিচালক মো. মাহবুবুল হক সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল আজহার ছুটিকালীন বহির্বিভাগের পাশাপাশি হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রতিদিনই খোলা রয়েছে এবং রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

এদিকে ঈদুল আজহার ছুটি শেষে আগামী ১ জুন সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হবে। একই দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএমইউ কর্তৃপক্ষ জানায়, জাতীয় গুরুত্বপূর্ণ এই চিকিৎসা প্রতিষ্ঠানে ছুটির দিনেও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।