শিরোনাম

ঢাকা, ২৮ মে, ২০২৬ (বাসস) : ঈদের আনন্দের মাঝেও কর্মব্যস্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। দেশের অন্যতম প্রধান এই হাসপাতালে ঈদের দিনেও চিকিৎসা সেবা অব্যাহত থাকে। ইনডোরে ঈদের দিনেও ভর্তি রয়েছেন ২ হাজার ৩২৪ জন রোগী। চালু রয়েছে প্যাথলজি, এক্সরেসহ অন্যান্য জরুরি স্বাস্থ্যসেবা। এর পাশাপাশি ঈদ উপলক্ষ্যে হাসপাতালের রোগীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থাও করে কর্তৃপক্ষ।
বৃহষ্পতিবার দুপুরের দিকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজ খবর নেন, পরিবেশিত উন্নতমানের খাবার পর্যবেক্ষণ করেন। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
একইসঙ্গে ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কুশল বিনিময় করেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
ঈদের দিনে হাসপাতাল পরিদর্শনে আসেন মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম, সহকারী পরিচালক ডা. শায়লা প্রমুখ।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা মেডিকেল পরিবার সাধ্যমতো চেষ্টা করে সেরা সেবা নিশ্চিত করতে। ঈদ কিংবা অন্য ছুটিতেও সেবা দিয়ে যান চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। ঈদ উপলক্ষ্যে মেডিকেল কলেজের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি রোগীদের চিকিৎসার খোঁজ নেন।
এ সময় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ঢাকা কিংবা ঢাকার বাইরের যেকোনো জটিল রোগীর কাছে ঢাকা মেডিকেল এখনও শেষ ভরসার জায়গা। বিছানা খালি না থাকলেও মানবিকতার বিবেচনায় বিভিন্ন ধরণের জটিল রোগী ফেরাতে পারে না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।