বাসস
  ২০ মে ২০২৬, ১৭:০০

আগামী ৬ জুন শেবাচিম হাসপাতালে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট চালুর ঘোষণা দিলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। ছবি: বাসস

বরিশাল, ২০ মে, ২০২৬ (বাসস) : শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আগামী ৬জুন হেমাটোলজি ডে কেয়ার ইউনিট চালুর ঘোষণা দিলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। রক্ত রোগ, হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া রোগীদের জন্য ১০ শয্যা বিশিষ্ট এ হেমাটোলজি ডে কেয়ার ইউনিটটি চালু করা হবে। 

আজ বুধবার বিশ্ব হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। 

পরিচালক বলেন, ১০ শয্যা বিশিষ্ট এ ডে কেয়ার ইউনিটে হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশাপাশি ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করা হবে। 

তিনি বলেন, বর্তমানে হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলীর ঐকান্তিক প্রচেষ্টায় হেমাটোলজি বহির্বিভাগ ও হেমাটোলজি ল্যাবরেটরি কার্যক্রম চলমান আছে। ডে কেয়ার সেন্টারটি চালু করা হলে রোগীরা এখান থেকে আরো সেবা পাবেন।

দুপুর ১২ টায় হাসপাতালের মেডিসিন কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী বলেন, বর্তমানে বাংলাদেশে হিমোফিলিয়া রোগে আক্রান্ত ৩ হাজার ৩ শত রোগীর মধ্যে বরিশালেই রয়েছে ৩৪৭ জন। এই রোগে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের হেমাটোলজি বিভাগ কার্যকর ভূমিকা রাখছে। চলতি বছরের ৭ জানুয়ারি থেকে এ পর্যন্ত এ বিভাগ থেকে চিকিৎসা সেবা পেয়েছেন ১২০৬ জন রোগী। এছাড়া ৩১ এপ্রিল থেকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪৪ রোগীকে সেবা প্রদান করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভারপ্রাপ্ত) ডা. আবদুল মুনয়েম সাদ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজউল্লাহ, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তৈহিদুর রহমান, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক আবু সাইদ আরিফ ও কোশাধ্যক্ষ মোহাম্মাদ নাজিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, হাপসাতালের উপপরিচালক ডা. একেএম নজমূল আহসান, মিড লেভেল ডাক্তার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল আহম্মেদ, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. আশিক দত্ত, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল অঞ্চল আহ্বায়ক রাহাত কাজী, যুগ্ম আহ্বায়ক মহাসিন চৌধুরী, সদস্য সচিব শাহিন চৌধুরী, জাহিদুল ও তৈশিকসহ সন্ধানী, মেডিসিন ক্লাব ও যুব রেড ক্রিসেন্ট এর শিক্ষার্থীরা।