বাসস
  ১৭ মে ২০২৬, ১৬:৪৮
আপডেট : ১৭ মে ২০২৬, ১৭:৩০

উচ্চ রক্তচাপ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি জরুরি : সেমিনারে বক্তারা

ছবি : বাসস

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৬ উপলক্ষে আজ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, উচ্চ রক্তচাপ বাংলাদেশের অন্যতম নীরব ঘাতক। 

প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্তকরণ, নিয়মিত চিকিৎসা ও ঝুঁকিপূর্ণ আচরণ পরিহারে জনসচেতনতা অত্যন্ত জরুরি।

বিশ^বিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উচ্চ রক্তচাপ প্রতিরোধ, ঝুঁকি হ্রাস ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক বিশেষ গুরুত্ব পায়।

দিবসটি উপলক্ষে বিএমইউ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে র‌্যালিটির শুভ উদ্বোধন করেন। 

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট ছাত্র-ছাত্রীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

র‌্যালি শেষে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মুকিত। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

এ ছাড়া অনুষ্ঠানে অধ্যাপক ডা. মনজুর মাহমুদ, অধ্যাপক ডা. মোখলেছুর রহমান, অধ্যাপক ডা. এস এম আহসান হাবীব, অধ্যাপক ডা. দিপল কৃঞ্চ অধিকারী ও অধ্যাপক ডা. এটিএম ইকবাল হাসানসহ দেশের বিভিন্ন প্রান্তের হৃদরোগ বিশেষজ্ঞ ও কার্ডিওলজি বিভাগের শিক্ষকবৃন্দ বক্তৃতা করেন।

বক্তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, কম লবণ গ্রহণ, মানসিক চাপ কমানো ও নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। 

পাশাপাশি দেশে কার্ডিওভাসকুলার রোগীদের দ্রুত চিকিৎসা ও বিশেষায়িত সেবার পরিধি বৃদ্ধির প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, বিএমইউ ভবিষ্যতেও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে ধারাবাহিকভাবে বৈজ্ঞানিক সেমিনার, কর্মশালা ও গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবে।