বাসস
  ১৬ মে ২০২৬, ১৯:০৬

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস কাল

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ মে, ২০২৬ (বাসস) : বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আগামীকাল। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। 

এ বছর দিবসটির প্রতিপাদ্যÑ ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি: নিরব ঘাতককে জয় করি’। 

ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের সদস্য হিসেবে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ২০০৬ সাল থেকে ১৭ মে দিবসটি পালন করে আসছে।

ডব্লিউএইচও’র ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছে, যার ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। 

বিশ্বে প্রতি বছর ১ কোটিরও বেশি মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায়, যা সকল সংক্রামক রোগে মোট মৃত্যুর চেয়েও বেশি। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ।

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস  উপলক্ষ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আগামীকাল সকাল ১০টায় ফাউন্ডেশনের হল রুমে (মিরপুর-২) একটি গণমুখী সেমিনারের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং এতে সভাপতিত্ব করবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী।