বাসস
  ১০ মে ২০২৬, ১৯:২০

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫ 

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আটজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুইজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।  

গত ২৪ ঘণ্টায় ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৬৫ জন। 

এ বছর আজ রোববার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৮ জন। তাদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক  ১ শতাংশ নারী। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর পাঁচজনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।