বাসস
  ০৩ মে ২০২৬, ১৮:৪৫

বিএমইউতে টিচিং মেথডোলজি ও অ্যাসেসমেন্টবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

ছবি : বাসস

ঢাকা, ৩ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) শিক্ষকদের জন্য টিচিং মেথডোলজি ও অ্যাসেসমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে তিন দিনব্যাপী ‘টিচিং মেথডোলজি এন্ড অ্যাসেসমেন্ট ফর ফ্যাকাল্টি মেম্বারস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি ক্লাস গ্রহণের আগে সংশ্লিষ্ট বিষয়ের উপর পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-এর সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। কার্যকর শিক্ষাদান পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক ডা. তাহমিনা বেগম এবং গ্রুপ ওয়ার্কের বিভিন্ন দিক তুলে ধরেন ডা. মো. রাসেল আহমেদ খান।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডা. নূরুন নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন